ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো হজ্ব। এটি একজন মুসলমানের জন্য জীবনে একবার ফরজ, যদি শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকে। হজ্ব শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর নিকট আত্মসমর্পণের প্রতীক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের শেষ পর্যায়ে একটি মাত্র হজ্ব পালন করেন, যেটি ইতিহাসে “বিদায় হজ্ব” নামে পরিচিত। এই হজ্বে তিনি ইসলামী জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিয়েছেন এবং উম্মতের জন্য একটি আদর্শ রেখে গেছেন।
“সফর-ই-মক্কা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হজ্ব কাহিনি” একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় অধ্যায়, যেখানে আমরা রাসূলের হজ্ব যাত্রার প্রতিটি ধাপ, উদ্দেশ্য ও তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে পারি। এ কাহিনি শুধু একটি ভ্রমণ বিবরণ নয়, বরং তাতে লুকিয়ে আছে ইসলামের মৌলিক শিক্ষা, ঐক্যবোধ এবং মানবতার সর্বোচ্চ আদর্শ।
আমরা সেই মহান সফরের অন্তর্নিহিত শিক্ষা ও তাৎপর্য উপলব্ধি করার চেষ্টা করব, যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের আলো ছড়িয়ে দিতে সহায়তা করবে। যার বিবরণ নিম্মে প্রদত্ত হলো।
১. হজের পূর্ব প্রস্তুতি-
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ম হিজরিতে সাহাবাদের মধ্যে ঘোষণা দেন যে, তিনি হজ আদায় করবেন।
(সহিহ মুসলিম/১২১৮)
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন এবং বহু মানুষ তাঁর সাথে হজ্বে বের হলো।”
২. সফরের শুরু-
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যাত্রা শুরু করেন জিলক্বদ মাসের শেষ দিকে এবং “যুল-হুলায়ফা” নামক স্থান থেকে ইহরাম বাঁধেন।
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল-হুলাইফা থেকে ইহরাম বাঁধেন।” (সহিহ বুখারি/১৫১৩)
৩. ইহরামের নিয়ত ও তালবিয়া পাঠ-
নিয়তকালে বলেন : لَبَّيْكَ اللَّهُمَّ حَجًّا (হে আল্লাহ! আমি হজ্বের নিয়তে হাজির)।
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ‘লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান।” (সহিহ বুখারি/১৫৪৯)
৪. মক্কায় প্রবেশ ও কাবা শরীফের তাওয়াফ-
মক্কায় এসে প্রথম কাজ ছিল তওয়াফ কুদুম (আগমনী তওয়াফ)।
“তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার তাওয়াফ করলেন এবং মাকামে ইবরাহিমের পেছনে দু’রাকাআত সালাত আদায় করলেন।” (সহিহ বুখারী/১৬৪২)
৫. সাফা-মারওয়া সাঈ-
তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাফা ও মারওয়ার মাঝে সাঈ করেন।
“তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাফা থেকে শুরু করে মারওয়া পর্যন্ত সাঈ করলেন।” সহিহ বুখারী/১৬৪৩
৬. মিনায় গমন ও ইবাদত-
৮ই জিলহজ্বে (ইয়াওমুত তারবিয়াহ) মিনায় যান এবং পাঁচ ওয়াক্ত নামাজ কসর আদায় করেন।
দলিল:
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনায় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেন।” সহিহ মুসলিম /১২১৮
৭. আরাফাতে উপস্থিতি-
৯ই জিলহজ্বে আরাফাতে যান, যেখানে তিনি বিখ্যাত খুতবা প্রদান করেন। আরাফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খুতবার সারসংক্ষেপঃ
আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিদায় হজ্বে একটি ঐতিহাসিক খুতবা প্রদান করেন, যা মানবতার জন্য একটি চূড়ান্ত নসিহত। তিনি বলেন, সকল মানুষ সমান, কেউ কারো চেয়ে বংশ, গাত্রবর্ণ বা জাতির দিক থেকে শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার ভিত্তিতে। তিনি নারীদের প্রতি সদ্ব্যবহার, তাদের হক আদায়, সুদ সম্পূর্ণ নিষিদ্ধ, রক্তপাত ও প্রতিশোধের প্রথা বাতিল এবং একে অপরের জান-মাল-সম্মানকে হেফাজতের আদেশ দেন। খুতবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, কুরআন ও সুন্নাহর অনুসরণ করলে কেউ পথভ্রষ্ট হবে না। তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ থাকতে এবং আমানতের খেয়ানত না করতে নির্দেশ দেন। এটি ছিল তাঁর পক্ষ থেকে উম্মতের প্রতি শেষ উপদেশ ও দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার বার্তা।
৮. মুযদালিফায় রাত যাপন-
আরাফা থেকে এসে মাগরিব ও এশা জমা করে পড়েন এবং মুযদালিফায় রাত কাটান।
“তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযদালিফায় মাগরিব ও ইশার সালাত একসাথে আদায় করেন।” (সহিহ মুসলিম/১২৮৪)
৯. জামারাতে পাথর নিক্ষেপ-
১০ই জিলহজ্বে, জামারাতে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন।
“তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারাতে সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন।” (সহিহ বুখারি/১৭৫১)
১০. কুরবানী ও মাথা মুণ্ডন-
জামারাতে কঙ্কর নিক্ষেপের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানী দেন ও মাথা মুণ্ডন করান।
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানী দিলেন এবং সাহাবীদের মাথা মুণ্ডন করালেন।” (সহিহ বুখারি/১৭৩১)
১১. তাওয়াফে ইফাযা (হজ্বের মূল তাওয়াফ)-
এরপর কাবায় ফিরে এসে তাওয়াফ করেন এটি হজ্বের রুকন।
“তখন তিনি তওয়াফে ইফাযা করলেন।” (সহিহ বুখারী/১৭৪৪)
১২. মিনায় অবস্থান ও ১১, ১২, ১৩ জিলহজ্বে জামারাতে পাথর নিক্ষেপ-
“উক্ত তিন দিনের প্রতিটি দিনে তিনি প্রত্যেক জামারাতে সাতটি কঙ্কর নিক্ষেপ করেছেন।” (সহিহ বুখারি/১৭৫৫)
১৩. বিদায়ী তওয়াফ (তওয়াফে ওয়াদা’)
মক্কা ত্যাগের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী তাওয়াফ করেন।
“তাঁকে নির্দেশ দেয়া হয়েছিল, বিদায়ের সময় কাবার তওয়াফ করার জন্য।” (সহিহ বুখারী/১৭৫৫)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হজ্ব ছিল মানবতার জন্য এক পরিপূর্ণ আদর্শ। তাঁর সফর ছিল আত্মশুদ্ধি, একত্ববাদের ঘোষণা, এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। হজ্বের প্রতিটি ধাপে তিনি উম্মতের জন্য রেখে গেছেন শিক্ষা, সহমর্মিতা ও ত্যাগের জীবন্ত উদাহরণ। আরাফার ময়দানে দেওয়া ঐতিহাসিক খুতবায় তিনি মানবাধিকারের সর্বোচ্চ মান প্রতিষ্ঠা করেন, যেখানে বর্ণবাদ, জাতিভেদ এবং অন্যায় নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা ছিল সুস্পষ্ট।
এই হজ্ব কাহিনির মাধ্যমে আমরা বুঝতে পারি যে, ইবাদতের বাইরের রূপ নয়, বরং তার অন্তর্নিহিত শিক্ষা ও প্রভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নবীজির হজ্ব থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকেও তাওহীদ, তাকওয়া ও মানবতার পথে পরিচালিত করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী হজ্ব আদায়ের তাওফীক দান করুন এবং তাঁর জীবন থেকে সত্যিকার অর্থে শিক্ষা গ্রহণের তাওফীক দিন। আমীন!
লেখক – আহমদউল্লাহ বাসির মাদানী (স্নাতক, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা)













